লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা
বেলাল আহমদ,লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের জন্য সর্বমোট ১১ কোটি ২৩ লক্ষ ০৩ হাজার ৬ শত ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার(২৫ জুন) সকাল ১১:৩০ টায় লামা পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ মঈন উদ্দিন।
এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা। মোট রাজস্ব ব্যয় ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ২৫ লক্ষ ২০ হাজার, শিক্ষা খাতে ২ লক্ষ টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয় সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লক্ষ টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট বাবদ ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৫০ লক্ষ টাকা, লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ২০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৩ কোটি টাকা ধরা হয়েছে। ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন ৫ কোটি ৪০ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মান, মার্কেট নির্মাণ বাবদ ০১ কোটি ৩০ লক্ষ, অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মো. কায়ছার হামিদ,সাবেক মেয়র আমির হোসেন আমু,কাজী মুহাম্মদ ইব্রাহীম,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী,লামা উপজেলা শাখা।
সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব,লামা পৌরসভার ওয়ার্ডে দায়িত্ব প্রাপ্ত অফিসার,কর্মকর্তা-কর্মচারীগণ,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































